আরও চার মামলায় জামিন পেলেন আমীর খসরু

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও চারটি মামলায় জামিন পেয়েছেন। এ নিয়ে ছয়টি মামলায় জামিন পেলেন আমীর খসরু।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ বৃহস্পতিবার চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আটটি মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল আজ। এর মধ্যে চারটি মামলার মূল নথি বিচারিক আদালতে আছে। এই চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাকি চারটি মামলার মূল নথি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আছে। এই নথি আসা সাপেক্ষে বাকি চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন বিষয়ে শুনানি হবে।

আজ জামিন শুনানির আগে কারাগার থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে হাজির করা হয়।

এর আগে গতকাল বুধবার পল্টন থানার পৃথক দুই মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সাথে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার আইনজীবীরা জানিয়েছেন, ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়।

আমির খসরু/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *