২৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জঙ্গিহামলায় ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। খবর: এএফপি।
প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতে জঙ্গিরা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালায়। তবে কোনো গোষ্ঠী এখনও এ হামলার দায় স্বীকার করেনি।
ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আশ-শাবির সদস্যদের হত্যা করল এ জঙ্গিগোষ্ঠী।
আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি গণমাধ্যমকে জানান, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়।
এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন। কোনো গোষ্ঠী এখনও এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা বাহিনী এ হামলা আইএস জঙ্গিদের দায়ী করেছেন।
জঙ্গি হামলা/এসকেএম
















Leave a Reply