দেশের ভবিষ্যৎ আগামী কয়েক দিনের ওপর নির্ভর করছে

নিউজ ডেস্ক: দেশের ভবিষ্যৎ কি হবে তা আগামী কয়েকটা দিনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কি না, গণতান্ত্রিক অধিকার থাকবে কি না, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে কি না- সবকিছু নির্ভর করছে আগামী কয়েকটা দিনের ওপর।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক বিএনপি নেতা আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

সাধারণ মানুষকে রাজপথে নামিয়ে আনার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমার একটাই কথা, যারা সংগ্রাম করছেন, তাদের আরও বেশি করে শক্তিশালী হয়ে এই সংগ্রামকে রাজপথে বিস্তৃত করে দিয়ে সাধারণ মানুষকে নামিয়ে আনতে হবে। সাধারণ মানুষকে যখন রাজপথে নামিয়ে আনতে পুরোপুরিভাবে সক্ষম হব, সেদিনই আমাদের বিজয় সুনিশ্চিত হবে।

বিএনপির মহাসচিব আবারও বলেন, শেখ হাসিনার অধীনে এ দেশের মানুষ কোনও নির্বাচন করবে না। অন্য সব রাজনৈতিক দলও একই কথা বলছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। নতুন দল তৃণমূল বিএনপিতে সাবেক দুই নেতার যোগদানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওরা কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে… এখন দল ভাঙার চেষ্টা করে। দল কখন ভাঙতে যায়, যখন সে বোঝে দুর্বল। আজকে তারা আমাদের দলছুট, বহিষ্কৃত লোকজনকে নিয়ে আবার দল তৈরি করে ঝামেলা করতে চায়। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, এগুলো করে কোনও লাভ হবে না।

মির্জা ফখরুল বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মানুষ একটা নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় সব দলের অংশগ্রহণে। এর বিকল্প তারা কিছু চায় না, মেনেও নেবে না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত মধুর সম্পর্ক রয়েছে

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, প্রয়াত হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানসহ অন্যরা।

মির্জা ফখরুল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *