‘নির্ধারিত সময়েই হবে টোকিও অলিম্পিক’

১৯ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): নির্ধারিত সময় জুলাই মাসেই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক গেমস। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা দেশটির পার্লামেন্টে এ কথা জানান।

তিনি বলেন, করোনার কারণে ইতিমধ্যে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। আগামী জুলাইয়ে তা হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়েই অলিম্পিক হবে। খবর: ডয়েচে ভেলের।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানান, এবার নির্ধারিত সময়েই অলিম্পিক হবে। আর অলিম্পিকই হবে করোনার বিরুদ্ধে মানুষের বিজয়ের প্রমাণ।

সুগা বলেন, আমরা করোনা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেব। এই অলিম্পিক যাতে বিশ্বজুড়ে মানুষকে আশা ও সাহস দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখও সম্প্রতি বলেছেন, টোকিও অলিম্পিক যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আশার আলো দেখায়।

জাপানের অধিকাংশ মানুষ অবশ্য মনে করেন, অলিম্পিক হবে না বা হওয়া উচিত নয়। স্থানীয় মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী, ৮০ শতাংশ মানুষ মনে করেন, অলিম্পিক হওয়া উচিত নয় বা আয়োজন করা সম্ভব নয়।

টোকিও অলিম্পিক/এসকেএম