নিউজ ডেস্ক: প্রগতিশীল রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে তাকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মান। উপস্থিত ছিলেন প্রয়াতের শুভানুধ্যায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা, বন্ধু, স্বজনসহ অগণিত জনতা।
আজ বিকেল ৪টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমঘর থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনার পর ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলামের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসন তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করে। এ সময় ডিএমপির একটি চৌকষ দল বিউগলে করুণ সুর তোলে।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফওজিয়া মোসলেম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ ও নাট্যকার মামুনুর রশীদ তার প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ঐক্য ন্যাপের সভাপতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ঐক্য ন্যাপের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় পোস্তগোলার মহাশ্মশানে। সেখানে তার শেষকৃত্যানুষ্ঠান চলছে।
উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঙ্কজ ভট্টাচার্য।
পঙ্কজ ভট্টাচার্য/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply