২৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতু দিয়ে চলাচলকারী গাড়ি থেকে টোল আদায়ের মাধ্যমে ২০৫৭ সাল নাগাদ সেতু নির্মাণের ব্যয় উঠে আসবে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০ কিস্তিতে সরকারের দেয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তিন মাস পরপর প্রতিটি কিস্তি দেয়া হবে। সে হিসাবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মাসেতুর জন্য ব্যয় করা অর্থ উঠে আসবে।
সরকারি দলের সংসদ সদস্য শামসুল হকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেতু বিভাগের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। পরবর্তী সময়ে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পদ্মাসেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই হিসাব। এই হিসাব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক)।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply