পরীমনির পাশে দাঁড়ালেন বিশিষ্ট জনেরা

২৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন বিশিষ্টজনেরা। পরীমনি গ্রেফতার হওয়ার পর শুরুতে নীরব থাকলেও এখন তার পক্ষে দাঁড়াচ্ছেন বিনোদন সংশ্লিষ্ট তারকারাও।

দেশের বিশিষ্টজনরা পরীমনির পক্ষে দাবি তুলেছেন। যৌথ বিবৃতি দিয়ে বলেছেন, পরীমনি একটি অপরাধী চক্রের অপচেষ্টার শিকার।

মঙ্গলবার বিকালে ‘নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি’র পক্ষে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই বিবৃতিতে পরীমনিসহ কয়েকজন নারীকে গ্রেফতার পরবর্তী পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি হয়রানি ও অপপ্রচার বন্ধ করে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঘরে মাদক রাখা, বাড়িতে পার্টি দেয়া ও অন্যান্য অভিযোগে অভিনেত্রী পরীমনিসহ কয়েকজন নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের পর কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার ও শব্দ প্রয়োগ করা হয়- যাতে নারীর আত্মমর্যাদা ক্ষুণ্ন হয়। এ ধরনের সংবাদ প্রচার নারীর মানবাধিকার লঙ্ঘনের সামিল। এতে অপরাধ প্রমাণের আগে ভিকটিম ব্লেমিং না করার নীতি লঙ্ঘিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার মধ্য দিয়ে সামাজিক অবক্ষয়, অনাচার এবং নারীবিদ্বেষী পুরুষতান্ত্রিকতার বিস্তার যেভাবে ফুটে উঠেছে তা আমাদের গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। অভিযুক্ত নারীদের বিরুদ্ধে কোনো অপরাধ-সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে আদালতে তাদের বিচার হবে। কিন্তু তারা যেন কারো কোনো প্রতিহিংসার শিকার না হন।

আরও পড়ুন: ফের রিমান্ডে পরীমনি

বিবৃতিদাতারা হলেন: ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, মহিলা পরিষদ সভাপিত ফওজিয়া মোসলেম, বিচারপতি নিজামুল হক নাসিম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট সুলতানা কামাল, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাংবাদিক অজয় দাশগুপ্ত, বাসুদেব ধর, সোহরাব হাসান, ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান, অধ্যাপক ডা. রওশন আরা বেগম, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক শাহনাজ হুদা, অধ্যাপক কাবেরী গায়েন, ব্যারিস্টার তানিয়া আমির, ডা. শাহিদা চৌধুরী, মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম প্রমুখ।

পরীমনি/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *