২৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বলে আখ্যায়িত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেছেন, সব প্রতিকূলতাকে কাটিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। মির্জা ফখরুল আরও দাবি করেছেন, খালেদা জিয়া পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন।
শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বাংলাদেশ জিয়া শিশু একাডেমির উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘শাপলাকুঁড়ি’র শিল্পীদের পুরস্কার বিতরণের জন্য এই অনুষ্ঠান আয়োজিত হয়।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। যিশুখ্রিস্টের জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাকে সুস্থ করে আবার আমাদের কাছে যেন ফিরিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে দেশের মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংকটটা বড় জটিল। স্বাধীনতার ৫০ বছর পূরণ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, এই বিজয়ের মাসে যারা স্বাধীনতার যুদ্ধের সময় আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন, বন্দি ছিলেন- তাদের কেন জানি সেভাবে সামনে আনতে পারছি না।
তিনি বলেন, জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন আনন্দময়, কল্যাণময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তিনি সেই কাজ শুরু করেছিলেন। শিশুদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন।
জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা।
মির্জা ফখরুল/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















