স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়ার পূবাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলায় হারজিত নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর পদদলিত হয়ে অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার রাতে শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খবর: এএফপি।
ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনও ম্যাচে হারল আরেমা।
ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হয়ে নিহত হন।
এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেন, এই ঘটনায় ১২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্টেডিয়ামের ভেতরে ৩২ জন মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে।
এদিকে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়া সরকার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তারা।
ফুটবল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply