২৪ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, বাহরাইন): করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন।
সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে দেশটির বার্তা সংস্থা বিএনএ এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে ছাড়া নিষেধাজ্ঞায় থাকা অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।
তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে। আর বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।
বাহরাইনে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৮২০ জন করোনার প্রাণ হারিয়েছেন।
বাহরাইন/এসকেএম















