২০ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত ঈদ বাজারে আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬০ জন।
সোমবার বাগদাদের সাদর শহরের ওয়াহিইলাত বাজারে ঈদের কেনাকাটার সময় ওই হামলার ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনীর বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের মধ্যে নারী আর শিশুও রয়েছে।
স্থানীয়ভাবে তৈরি আইইডি বোমা দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসআইএল (আইএসআইএস)। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি বার্তায় সংগঠনটি জানিয়েছে, তাদের একজন আত্মঘাতী হামলাকারী শরীরে বোমা বেঁধে ভীড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়।
এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করে শোক প্রকাশ করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ।
বোমা হামলা/এসকেএম















