বাহরাইনে ‘আন্তর্জাতিক দূতাবাস বাজার’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বাহরাইনের শিশু ও মাতৃকল্যাণ সোসাইটির সদর দপ্তরে ‘আন্তর্জাতিক দূতাবাস বাজার-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরে এ মেলার উদ্বোধন করেন জাতীয় আর্টস কাউন্সিলের প্রেসিডেন্টের সহধর্মিণী শাইখা লুলু আল-কারীমাহ।

প্রতি বছরের মতো এবারও বাহরাইনের বাংলাদেশ দূতাবাস ও অন্যান্য বিদেশি দূতাবাস এ মেলায় অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস ও তার সহধর্মিণী প্রীতি খান দূতাবাসের কর্মকর্তাদের স্ত্রীদের নিয়ে এ মেলায় ‘বাংলাদেশ স্টল’ পরিচালনা করেন।

বিদেশি রাষ্ট্রগুলোর কূটনীতিকদের পরিবারের সদস্যসহ বাহরাইন রাজ পরিবারের সদস্যদের বিপুল উপস্থিতিতে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলে। মেলায় বাহরাইনের দূতাবাসগুলো তাদের ঐতিহ্যবাহী পণ্য এবং খাবারের স্টল নিয়ে বসে।

বাংলাদেশের হস্তশিল্প, নকশি কাঁথা, হরেক রকমের হাতের তৈরি পাটজাত পণ্য, বাংলাদেশের জনপ্রিয় তৈরি পোশাক, বিশেষ করে জামদানি শাড়ি কেনার লক্ষ্যে বাংলাদেশ স্টলে বিদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাংলাদেশ স্টলসহ এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি বলেন, মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছর ‘শিশু ও মাতৃকল্যাণ সোসাইটি’ এ মেলার আয়োজন করে থাকে, যা সত্যিই প্রশংসনীয়। এ রকম অনন্য উদ্যোগে বাংলাদেশ স্টলের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা মানবিক কূটনীতিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছে।

বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেন তিনি।

বাহরাইন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *