বিস্ফোরণে আহত মালদ্বীপের স্পিকার

০৭ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালদ্বীপ): বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুল এলাকায় স্পিকারের বাসভবনের সামনে বিস্ফোরণটি ঘটে। দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনে গাড়িটি দাঁড় করাতেই শক্তিশালী বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে দাঁড় করানো একটি মোটরসাইকেলে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে তার দেহরক্ষীরাও আহত হয়েছেন। সাথে সাথে স্পিকারকে উদ্ধার করে মালের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে এমন হামলার ঘটনা বিরল। এ ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ জরুরি বৈঠক ডেকেছেন।

মালদ্বীপ/এসকেএম