আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের দুই দিন পর বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবারের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর থেকে যারা নিখোঁজ রয়েছেন। বুধবারের এ ঘটনা তাদের স্বজনদের মধ্যে ফের আশা সঞ্চার করেছে। খবর: সিএনএন।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, সিয়ানজুর জেলার নাগরাক গ্রাম থেকে বালকটিকে উদ্ধার করা হয়েছে, তার নাম আজকা মৌলানা মালিক।
মালিককে তার দাদির লাশের পাশে পাওয়া যায় বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তাকে সিয়ানজুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে উদ্ধারকর্মীরা তার বাবা-মায়ের মৃতদেহ খুঁজে পেয়েছিরেন।
ইন্দোনেশিয়ায় ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় দুর্বল কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকা বহু বাড়ি ও স্থাপনা ধসে পড়ে। এতে বহু মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস এতে বাড়তি মাত্রা যোগ করে।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপিবির প্রধান মেজর জেনারেল সুহারিয়ান্তো জানিয়েছেন, এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭১ জনে দাঁড়িয়েছে। এদের এক-তৃতীয়াংশেরও বেশি শিশু বলে জানিয়েছেন তিনি।
দুপুরে স্কুলে শিশুরা একসাথে শ্রেণিকক্ষে বসে লেখাপড়া করার সময়ই ভূমিকম্পটি হয়। একাধিক শ্রেণিকক্ষ ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তারা। যে কারণে এ ভূমিকম্পে হতাহতদের মধ্যে শিশুর সংখ্যা তুলনামূলক বেশি।
ভূমিকম্পে প্রায় দুই হাজার ৪৩ জন আহত হয়েছেন। ৬১ হাজার ৮০০ জন বাস্তুচ্যুত হয়েছেন বলে সুহারিয়ান্তো জানিয়েছেন। প্রায় ৪০ জনের মতো এখনও নিখোঁজ রয়েছেন। ৫০টিরও বেশি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply