২৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মোহাম্মদ নূর জামাল নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৯টায় দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের জালান কুয়ালা ক্লাওয়াং-গেন্টিং পেরাসের একটি কৃষি খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জেলা পুলিশ জানান, নিহত বাংলাদেশি সেখানকার একটি কৃষি জমিতে কীটনাশক দেয়ার জন্য ট্রাক্টরে করে চালকের পাশে বসে রওয়ানা দেন। হঠাৎ ট্রাক্টরটি উঁচু রাস্তায় ওঠার সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ট্রাক্টরটি পেছন দিকে উল্টে যায়। এ সময় নূর জামাল ট্রাক্টর থেকে লাফ দিলে ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাথায় ও শরীরে আঘাতের ফলে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান মোহাম্মদ ফাজিল মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় জেলেবু হাসপাতালে পাঠানও হয়েছে।
দুর্ঘটনা/এসকেএম















