০৫ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সরকারি সংস্থাগুলো জানিয়েছে, ব্যবস্থাপনায় বিপর্যয়ের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লোকজন টুইটার ও ফেসবুকে পোস্ট দিতে থাকে যে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের সব জায়গা বন্ধ করে দেয়া হয়েছে। খবর: এএফপি।
ইয়াঙ্গুনের ইয়াঙ্কিন অঞ্চলে অবস্থিত ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে।
ইরাবতি নদীর তীরবর্তী মাগওয়ের শহরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান থেকেও একই রকম বক্তব্য দেয়া হয়েছে।
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক সরকার মিয়ানমারে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া রাতের বেলা ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করেন। এ পর্যন্ত আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
মিয়ানমার/এসকেএম
















Leave a Reply