যুদ্ধবিরতির পর ফের গাজায় হামলা শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক: চার দিনের যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় ফের হামলা শুরু করবে ইসরাইল। বৃহস্পতিবার এমন ঘোষণা দেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

তিনি বলেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত দুই মাস হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাবে ইসরাইলের বাহিনী। সেজন্য এ বিরতিতে সেনাদের প্রস্তুতি নিতে, তদন্ত করতে, আরও অস্ত্র সরবরাহ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে চাই। কেননা, শুধু চাপ প্রয়োগের জেরেই জিম্মিরা আমাদের মাঝে ফিরে আসবে।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের হাতে বন্দিদের মধ্যে ১৩ জন ইসরাইলি নারী ও শিশুকে মুক্তি দেয়া হবে। এভাবে ধাপে ধাপে চার দিনে মোট ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরাইলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সাথে মিশিয়ে দেয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরাইল।

ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৬ হাজার বেশি শিশু রয়েছে। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছেন।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *