আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপানের মধ্যাঞ্চল। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে দেশটির ইশিকাওয়া অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
জাপানের আবহাওয়া দপ্তর বলছে, আজ বেলা ২টা ৪২ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২।
ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কোনও সুনামি সতর্কতা জারি করেনি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে নাগানো ও কানাজাওয়ার মধ্যকার বুলেট ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জাপানের রেলওয়ে জানায়, দুই ঘণ্টার কম সময় পর আবার তা চালু করা হয়।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। দেশটি ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















