আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করেছে।
নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার সমুন্নত রাখা ও সবার অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখায় নার্গিস শান্তিতে নোবেল পেয়েছেন।
নার্গিস ইরানের মানবাধিকার কর্মীদের সামনের সারির একজন। তিনি নারী অধিকার রক্ষা ও মৃত্যুদণ্ড বন্ধের জন্য কাজ করেছেন।
নার্গিস তেহরানের ইভিন কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচার চালানোসহ নানা অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডারস বলেছে তাকে প্রায় ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদির নেতৃত্বাধীন ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টারে উপপ্রধানের দায়িত্বে রয়েছেন নার্গিস। নার্গিসকে নিয়ে এ পর্যন্ত ১৯ জন নারী নোবেল পুরস্কার পেলেন।
পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন এই মানবাধিকারকর্মী।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন, তারা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
নোবেল পুরস্কার/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply