সংকটাপন্ন অবস্থায় মালদ্বীপের স্পিকার

০৮ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালদ্বীপ): বোমা হামলায় আহত মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশিদের জীবন বাঁচাতে দেহের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুল এলাকায় স্পিকারের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন মোহাম্মদ নাশিদ।

হামলার পর দ্রুত নাশিদকে দেশটির একটি হাসপাতালে নেয়া হয়। তার ফুসফুস ও যকৃৎ থেকে শার্পনেল বা ধাতুর টুকরো বের করতে বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশিদকে হাসপাতালে নেয়ার পর থেকে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছে মালদ্বীপের পুলিশ।

অপরাধীদের ধরতে পুলিশকে তথ্য দিতে জনগণকে আহ্বান জানানো হয়েছে। দেশটির নেতারা নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

মোহাম্মদ নাশিদ/এসকেএম