সংসদে অধিবেশন আগামীকাল শুরু

১৭ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে গতবছরের ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

বছরের প্রথম অধিবেশন হিসাবে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়া এ অধিবেশনে বেশ ক’টি বিল উত্থাপন এবং পাস হতে পারে।

এবারও সবধরনের স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন অনুষ্ঠিত হবে। এছাড়া, এবারও প্রথমদিন মিডিয়া কর্মীরা সংসদ অধিবেশনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন। বাকি কার্যদিবস সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে অধিবেশনের খবর সংগ্রহ করতে হবে।

এদিকে, করোনা মহামারির কারণে এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাকালে তাও সংক্ষিপ্ত করা হবে। সে হিসেবে এবার অধিবেশন ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়।

এর আগে মুজিবর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়। চলে ১৯ নভেম্বর পর্যন্ত, মোট ১০ কার্যদিবস। ১০ কার্যদিবসের মধ্যে গত ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫ কার্যদিবস বিশেষ অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হয়।

ওই অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস করা হয়।

সংসদ/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *