সু চিকে ছেড়ে দিতে জাতিসংঘের আহ্বান

০২ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক ): মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটির বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেয়ার পরদিন এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো এ তথ্য জানান। খবর: রয়টার্স।

এরি কানেকো জানান, ‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি’।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যেমে ক্ষমতা দখল করে দেশটির সেনা বাহিনী। আটক করা হয় দেশটির গণতন্ত্রপন্তী নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। এর পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা চলছে।

এমতাবস্থায় বুধবার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেয়া হয়। সু চি’রও দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান গুতেরেস।

মিয়ানমার/এসকেএম