১৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের শিক্ষা কার্যক্রমকে আবারও গতিশীল করতে ১৮ বছরের ওপর সব নাগরিককে ক্রমান্বয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ রয়েছে।
বৃহস্পতিবার সকালে মহাখালীর বিসিপিএস ভবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আইসিইউ বেড সম্প্রসারণ এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি) এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব নাগরিককে টিকার আওতায় আনতে বদ্ধপরিকর। বর্তমানে সরকারের হাতে ৪৫ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে। এছাড়া, ১৪ জুলাই থেকেই ভ্যাকসিন প্রদান কার্যক্রম পুরোদমে চালু হয়েছে।
আরও পড়ুন: ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে
তিনি বলেন, চীন থেকে আগেই ২০ লাখ ডোজ ভ্যাকসিন সরকার হাতে পেয়েছে। আরও দেড় কোটি ভ্যাকসিন প্রতি মাসেই দেশে আসতে থাকবে। এদের পাশাপাশি অ্যাস্ট্রেজেনেকার ২৯ লাখ ডোজ বরাদ্দ রয়েছে। দেশে যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন তারা এই অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এর পাশাপাশি ফাইজারের ভ্যাকসিনও আগামী মাসে আসবে। এই মুহূর্তে দেশে ৩ কোটি ডোজ ভ্যাকসিন মজুদ রাখার সক্ষমতা স্বাস্থ্যখাতের হাতে রয়েছে।
আরও পড়ুন: চীন থেকে আরও ভ্যাকসিন আসছে
কোভিড-১৯ মোকাবেলায় নতুন করে আরো ২ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের কাজ চলমান রয়েছে। পাশাপাশি টেকনোলজিস্ট নিয়োগের কাজও চলমান রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: করোনা ভ্যাকসিন হোক গণপণ্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।
স্বাস্থ্যমন্ত্রী/এএমএম/কিউটি
















Leave a Reply