১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পাসপোর্টের ঠিকানা পরিবর্তন ও ওয়ার্ড কাউন্সিলরের ভূয়া প্রত্যয়নপত্র সংযুক্ত করে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগে তিনজন গ্রেফতার হয়েছে। তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।
বুধবার দুপুরে পল্টন মডেল থানায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আবদুল আহাদ সাংবাদিকদের জানান, মাসুদ মিয়া, কামাল হোসেন ও গোলাম কিবরিয়া নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর ফার্মগেট, খিলক্ষেত ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গত ২০ এপ্রিল মাসুদ মিয়া নামে জনৈক ব্যক্তি পুলিশ কমিশনার বরাবর অনলাইনে একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। যা যাচাই বাছাইকালে আবেদনে প্রদত্ত ঠিকানা ভূয়া পরিলক্ষিত হয়। তখন আবেদনে সংযুক্ত ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্রটি যাচাই করে এর স্বাক্ষর সঠিক নয় বলে সংশিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জানান। যার প্রেক্ষিতে বুধবার বিকালে ফার্মগেট থেকে আবেদনকারী মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থেকে কামাল হোসেন ও কেরানীগঞ্জ থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার বলেন, নরসিংদীর মাধবদী থানায় মাসুদ মিয়ার নামে একাধিক মামলা রয়েছে। ফলে বিদেশ যাওয়ার প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য তিনি ৩০ হাজার টাকায় কামাল হোসেনের সাথে চুক্তি করেন। কামাল হোসেন আবার ২৮ হাজার টাকায় গোলাম কিবরিয়ার সাথে চুক্তি করেন।
আরও পড়ুন: ধান-চাল মজুতকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু
তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে মূল পাসপোর্টের তথ্য পাতা স্ক্যান করেন। এরপর কম্পিউটারের মাধ্যমে জরুরী যোগাযোগের ঠিকানা পরিবর্তন করেন। পরে পল্টন মডেল থানা এলাকার ঠিকানা ব্যবহার এবং ওয়ার্ড কাউন্সিলরের ভূয়া প্রত্যয়নপত্র সংযুক্ত করেন। এডিটকৃত পাসপোর্টের ফটোকপিতে সত্যায়নকারী ডাক্তারের জাল সীল মোহর ও জাল স্বাক্ষর সত্যায়ন করে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করা হয়।
তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।
জালিয়াত/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














