আতঙ্কে আছেন প্রবীণ আমিনুল হক

২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর ডেমরা থানা এলাকায় জালিয়াত ও সন্ত্রাসী চক্রের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক প্রবীণ দম্পত্তি। ইতোমধ্যে তারা এক দফা হামলা এবং নিজ বাড়ি থেকে উচ্ছেদের শিকার হয়েছেন। এ বিষয়ে ডেমরা থানায় অভিযোগ দায়ের করলেও প্রতি মুহূর্ত তারা কাটাচ্ছেন আতঙ্কে।

৭১ বছর বয়েসি আমিনুল হক ও তার ৫৮ বছর বয়েসি স্ত্রী মোসাম্মৎ মনিরুন নাহার ডেমরার ডগাইর পশ্চিমপাড়া হিজলতলা এলাকায় নিজেদের বাড়িতে দুই দশকেরও বেশি সময় ধরে বাস করছেন। এই বৃদ্ধ দম্পত্তির একমাত্র ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং মেয়ে তার স্বামী-সন্তানসহ ঢাকায় বাস করেন।

আমিনুল হক বেশ কয়েক বছর প্রবাসে ছিলেন। এ সময় তাদের জমির প্রতি লোভ তৈরি হয় জনৈক আবদুল অদুদ পাটোয়ারীর। জাল দলিলের মাধ্যমে আবদুল অদুদ পাটোয়ারী জমি দখলের চেষ্টা করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ২০০৭ সালে আদালত আমিনুল হক ও মনিরুন নাহারের পক্ষে রায় দেন।

সম্প্রতি একটি মহল জমিটি হাতিয়ে নিতে আবারও জাল দলিল করে ২০২০ সালের ভূমি কর পরিশোধ করে। এই জাল দলিল অনুযায়ী আবদুল অদুদ পাটোয়ারী জমিটি গত বছর (২০২০ সাল) কিনেন। কিন্তু আবদুল অদুদ পাটোয়ারী ২০১৭ সালে মারা যান বলে জানা গেছে।

এই চক্রটি গত ২৩ জুলাই সকালে অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে হানা দিয়ে আমিনুল হক ও তার স্ত্রীকে বাড়ি থেকে বিতাড়িত করে এবং লুটপাট চালায়। সেদিন রাতেই আমিনুল হক ডেমরা থানায় বিষয়টি নথিভূক্ত করেন। পরে পুলিশের সহায়তায় পুণরায় বাড়ির দখল বুঝে নেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, মাতুয়াইল এলাকার সিরাজ খান ও শহীদ খানের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল আমিনুল হকের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা নগদ টাকা ছাড়াও অন্তত ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী লুটপাট করে। এছাড়াও দুইটি পাসপোর্ট, ইনস্যুরেন্সের কাগজপত্র এবং বিদ্যুতের ৫টি মিটার কার্ড নিয়ে যায়।

অভিযোগের পর ডেমরা থানার এসআই (নিরস্ত্র) এস এম এনামুল হককে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

ডেমরা থানা সূত্রে জানা গেছে, লুটপাট হওয়া সামগ্রী এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া পুলিশ এখনও অভিযুক্তদের আটক করতে পারেনি।

এ বিষয়ে আমিনুল হক আর্ট নিউজকে জানান, স্ত্রীসহ তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশ প্রাথমিকভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেও যে কোন সময় সন্ত্রাসীরা আবার হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন।

সন্ত্রাসী/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *