১৬ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কমিউনিস্ট পার্টির কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
তিনি বলেন, সরকার যে ব্যবস্থা বহাল রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চাইছে সে ব্যবস্থা বদলাতে হবে। শুধুমাত্র ব্যবস্থাপনার সমস্যার কথা বলে আসল সমস্যা আড়াল করা হচ্ছে। রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তুলতে হবে। পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং চালু করতে হবে। সকলের কাজের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে অতি দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
সিন্ডিকেট ব্যবসায়ীদের ওপর নির্ভর করে, তাদের কাছে অনুনয় বিনয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। কঠোর হাতে মজুতদারদের দমন করতে হবে।
বুধবার বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মোহাম্মদপুরের টাউনহল ও আশেপাশে বিভিন্ন পথসভা, হাটসভা ও পদযাত্রা ও গণসংযোগে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রিন্স গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর অপতৎপরতা বন্ধেরও দাবি জানান। এ সময় তিনি ২৮ মার্চ হরতালের সমর্থনে গণসংযোগ করেন।
তিনি সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো ও দূর্নীতি মুক্ত ভাবে প্রকৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর দাবি জানান।
এসব সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা লাকী আক্তার, ঢাকা উত্তরের সম্পাদকমন্ডলীর সদস্য মোতালেব হোসেন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, মোসলেহ উদ্দিন, মোহাম্মদপুর থানার সভাপতি মো. জয়নাল, আশিকুল ইসলাম জুয়েল, জাহিদুল ইসলাম সজীব, আহমেদ তালাত তাহজীবসহ অন্যান্য নেতারা।
সিপিবি/টিটি/আরএম
















Leave a Reply