নিউজ ডেস্ক: সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে।
শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই মহাসমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সমাবেশ মঞ্চে উঠেছেন।
এই মহাসমাবেশ ঘিরে গতরাত থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। আজ সকাল থেকে ভিড় আরও বাড়তে থাকে। মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা জড়ো হয় নয়াপল্টনে।
নেতাকর্মীদের হাতে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা। বিভিন্ন রঙের ক্যাপ পড়ে তারা মহাসমাবেশে অংশ নিয়েছেন। নেতাকর্মীদের পরচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নয়াপল্টন।
বেলা পৌনে ১১টার দিকে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নয়াপল্টনে শুরু হয় গান-বাজনা। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে এই গান পরিবেশন করা হয়।
এদিকে মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অন্যদিকে দুপুরের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশ ডেকেছে। বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগ নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে দেখা যায়।
বিএনপি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply