নিউজ ডেস্ক: এই সরকার দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা ভেবেছিলাম সরকার জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু তারা সেটা না করে জনগণের ওপর দমনপীড়ন চালাচ্ছে। তারা যতই ভয়ভীতি দেখাক, পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না। এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর নয়াপল্টনে দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোথাও আপনারা অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। এটা করলে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন। আপনারা সহযোগিতা করুন। সরকার চায় না বিরোধী দল নির্বাচনে আসুক। ২৮ তারিখ মহাসমাবেশে সারাদেশ থেকে নেতাকর্মীরা আসবেন, কর্মসূচি শেষ করে চলে যাবেন। বসে থাকার কোনও পরিকল্পনা নেই। এমন কোনও কর্মসূচি আমরা দিইনি।
মির্জা ফখরুল বলেন, ১৮ অক্টোবর সমাবেশে কোনও ঝামেলা না হলেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ৪৭টি। আসামি করা হয়েছে ১২ হাজারের বেশি।
এসময় চলমান সংসদ অধিবেশনে সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান সংযোজন করার দাবি জানান বিএনপির মহাসচিব।
তিনি বলেন, মানুষ শান্তিপূর্ণভাবে পরিবর্তন চায়। সরকারের উচিত পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেয়া। দাবি না মানলে আন্দোলনের মাধ্যমে সমাধান। বিএনপির কর্মসূচিতে কোনও বিশৃঙ্খলা হয়নি। অথচ তারা গায়েবি মামলা দিচ্ছে। ব্যবস্থা নিলে সরকারি দলের নেতাদের বিরুদ্ধে নিতে হবে, তারা হাত ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে। ২৮ তারিখ সারা দেশ থেকে মানুষ আসবে, শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে।
বিএনপি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply