২২ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সামরিক শাসনবিরোধী বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার সামরিক সরকারবিরোধী বিদ্রোহী ও দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার সকালে মান্দালাইয়ের চান মা থার্সি শহরে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সামরিক সরকারের তথ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, চান মা থার্সি শহরে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনার সময় ছোট অস্ত্র থেকে গুলি ও গ্রেনেড হামলার মুখে পড়ে। এ অভিযানে দুজন সেনা নিহত হন। এ ছাড়া অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় চারজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। এ ছাড়া অস্ত্র, গোলাবারুদসহ আটজনকে আটক করা হয়েছে।
পয়লা ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলের পর থেকে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন প্রতিরক্ষা বাহিনী তৈরি করে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন।
মিয়ানমার/এসকেএম















