নিউজ ডেস্ক: জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। বলেছেন, সেটা (সংলাপ) হলে সময় বুঝে তার দল নির্বাচনে যাবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল ২০২৩- পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একাদশ সংসদ নির্বাচনের সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল এক প্রশ্নের জবাবে বলেন, ঐক্যকে আরও সুসংহত করে, সবার সাথে আলাপ আলোচনা করে ঐকমত্যে আসতে হবে। সবাইকে নিয়ে নির্বাচনের যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। দেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ক্ষমতার মালিক হিসেবে জনগণকে শক্ত ভূমিকা রাখতে হবে। দেশকে বাঁচাতে হলে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দলে তরুণ কর্মীদের যুক্ত করার কথা উল্লেখ করে ডক্টর কামাল বলেন, ক্ষুদ্র কর্মী হিসেবে আমি দলের সাথে থাকব।
সংবাদ সম্মেলেনে বক্তব্য দেন গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডক্টর কামাল হোসেন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply