বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ‘জি বাংলা’

১৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): টানা ১৪ দিন বন্ধ থাকার পর বাংলাদেশে দেখা যাচ্ছে ভারতের ‘জি বাংলা’ চ্যানেল। বিজ্ঞাপন ছাড়াই (ক্লিন ফিড) ‘জি বাংলা’ বাংলাদেশের দর্শকদের জন্য স্যাটেলাইটে আপলিংক করছে। সেখান থেকে এদেশীয় কেবল অপারেটররা তা ডাউনলিংক করে যখনই অনুষ্ঠান তখনই প্রচার (রিয়েল টাইম) করছেন।

শুক্রবার রাত থেকে জি বাংলা দেখতে পাচ্ছেন কেবল অপারেটরের গ্রাহক ও ডিটিএইচের দর্শকরা।

বাংলাদেশে জি বাংলার পরিবেশক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপনের সময়টিতে ওই চ্যানেলের অন্য অনুষ্ঠানের প্রোমো দেখানো হচ্ছে।

ঢাকা ও বাইরের জেলাগুলো থেকে দর্শকেরা এখন জি বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন। ঢাকার মিরপুর, উত্তরা, লালবাগ, রামপুরা, লালমাটিয়ার দর্শকেরা জি বাংলা দেখতে পারছেন বলে কথা বলে জানা গেছে।

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ জানান, জি বাংলা কর্তৃপক্ষ নিজেরাই ক্লিন ফিড চ্যানেল দিচ্ছে। সেটি পরিবেশকেরা প্রচার করছে।

তিনি বলেন, পরীক্ষমূলক একটি চ্যানেলের মাধ্যমে ফিড ‘ক্লিন’ এনে প্রচার করা হচ্ছে। পর্যাক্রমে বন্ধ থাকা অন্য চ্যানেলগুলো সম্প্রচারে আসবে বলে আশা প্রকাশ করেন কেবল অপারেটরদের এই নেতা।

২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৩) ধারায় বলা হয়েছে, বিদেশি কোনও চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না।

চ্যানেল সম্প্রচার বন্ধের পর পরিবেশকেরা বলেছিলেন, বাংলাদেশের বাজার ছোট। এ কারণে ক্লিন ফিড চ্যানেলের প্রচার করতে চান না ব্রডকাস্টররা। আর পরিবেশক বা অপারেটররা বিজ্ঞাপনমুক্ত করে চ্যানেলের সম্প্রচার করবে এই সক্ষমতাও তাদের নেই।

এর মধ্যেই বিজ্ঞাপনমুক্ত হয়ে ‘জি বাংলা’ সম্প্রচারে আসায় অন্য চ্যানেলগুলো ক্লিন ফিড পাওয়ার বিষয়ে আশাবাদী কেবল অপারেটর ও পরিবেশকেরা।

ক্লিন ফিড সম্প্রচার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *