বাহামা উপকূলে নৌকাডুবি

২৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): বাহামা উপকূলে নৌকাডুবে অন্তত ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হাইতির নাগরিক।

বাহামা সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর: বিবিসি।

এক সংবাদ সম্মেলনে বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, এক শিশুসহ ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ২৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

ফিলিপ ডেভিস আরও বলেন, একটি স্পিডবোটে করে তারা যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে রওনা হয়েছিলেন বলে কর্তৃপক্ষ মনে করছে। ডেভিস বলেন, সমুদ্র উত্তাল থাকায় নৌযানটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেন, নৌযানটিতে ৬০ জনের মতো আরোহী ছিলেন। আরও অনেকে নিখোঁজ বলে মনে করা হচ্ছে।

বাহামার কর্তৃপক্ষ জানিয়েছে, মানব পাচারে জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেয়া হয়েছে। উভয়ই বাহামার নাগরিক। জীবিত ও মৃত উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের সবাই হাইতির বলেই ধারণা করা হচ্ছে।

বাহামার পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী হাইতিয়ানরা প্রায়ই বাহামার ট্রানজিট রুট ব্যবহার করে থাকেন। দারিদ্র্য ও অপরাধী চক্রের ক্রমবর্ধমান সহিংসতা থেকে পালাচ্ছেন হাইতিয়ানরা। ফলে গত বছর নড়বড়ে নৌযানে বিপজ্জনক সমুদ্রযাত্রা ক্রমশ স্বাভাবিক হয়ে উঠেছে।

অভিবাসনমন্ত্রী কেইথ বেল বলেন, এ সমুদ্রযাত্রার জন্য প্রত্যেকে তিন থেকে আট হাজার ডলার দেয়ার কথা জানিয়েছেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আরোহীরা।

জানাজা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *