নিউজ ডেস্ক: চড়া সুদে ঋণ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দেয়া ৯৩ জন বাংলাদেশি কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাসের পর মাস বেকার থাকায় তাদের মধ্যে বাড়ছে হতাশা। তবে বিষয়টি মালয়েশিয়া সরকারের নজরে আসার পর, সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
কুয়ালালামপুরের চেরাসে নিয়োগকর্তাদের অবহেলার শিকার মোট ৯৩ জন বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানবসম্পদ মন্ত্রণালয়।
পুত্রজায়ার অভিবাসন বিভাগ এবং ন্যাশনাল স্ট্র্যাটেজিক অফিস অব দ্য অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সনস কাউন্সিলের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, গত বছরের নভেম্বরে মালয়েশিয়ায় কাজের ভিসায় এসে ৯৩ জন বাংলাদেশি কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব বাংলাদেশি কর্মীকে কাজ না দেয়ার কারণে পেমবিনান রিকোলার কন্সট্রাকশন এসডিএন বিএইচডির বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
এছাড়া এসব বাংলাদেশি শ্রমিকদের মজুরি দিতে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগে জড়িত কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করা এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রাপ্ত অবশিষ্ট কোটা ফ্রিজ করার জন্যও কর্মসংস্থান আইন ১৯৫৫-এর অধীনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মানবসম্পদ মন্ত্রণালয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেয়ং এক যৌথ বিবৃতিতে বলেছেন, দুই মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে, এসব বাংলাদেশি শ্রমিকদের কাজ এবং বাসস্থান সরবরাহ না করে মাসের পর মাস তাদের একটি রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে।
এদিকে শ্রমিকদের দাবি, ভালো মৌলিক সুযোগ-সুবিধা ও উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়ায় চাকরি পেতে তারা জনপ্রতি সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিয়োগ ফি দিয়েছেন।
মালয়েশিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply