ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার দিলো মেটা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) জায়ান্ট মেটা। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১২ কোটি টাকার সমান।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ অনুদানের তথ্য নিশ্চিত করেছে।

প্রায় সপ্তাহ দুয়েক আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

ট্রাম্প-জাকারবার্গের মধ্যকার এই সাক্ষাতের পর এখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক তহবিলে মেটার অনুদানের খবর সামনে এল।

মেটার অনুদানের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তার কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তার প্রশাসনে অধিক সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহী জাকারবার্গ। প্রযুক্তিনীতি গঠনের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চান।

ট্রাম্পের ব্যাপারে প্রায় চার বছর আগে জাকারবার্গের যে অবস্থান ছিল, তাতে এখন একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে।

২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্প তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন। ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে সহিংস হামলা চালান। রক্তক্ষয়ী এই হামলার উদ্দেশ্য ছিল কংগ্রেসে বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকানো। এই ঘটনার পর ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলোতে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।

ট্রাম্প/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *