২৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সেনাবাহিনীর নৃশংসতা চালানোর অভিযোগের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
অঞ্চলটির সংকট সমাধানে সাহায্য করতে আন্তর্জাতিক অংশীদারের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। খবর: এএফপি।
বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে নৃশংসতার খবর এবং সামগ্রিক খারাপ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে মারাত্মক মানবাধিকার সংকটের বিষয়েও আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
ব্লিঙ্কেন বলেছেন, তাইগ্রের সংকট মোকাবেলায় একসাথে কাজ করতে আন্তর্জাতিক অংশীদার, বিশেষ করে আফ্রিকা ইউনিয়ন ও আঞ্চলিক অংশীদারদের প্রতি আহ্বান জানাই। তাইগ্রে থেকে অবিলম্বে ইরিত্রিয়া ও আমহারা আঞ্চলিক বাহিনী প্রত্যাহার এবং সংকট সমাধানে প্রতিপক্ষ সব পক্ষকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ব্লিঙ্কেনের বিবৃতির এক দিন আগে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত নভেম্বরে তাইগ্রের যুদ্ধে প্রতিবেশী ইরিত্রিয়ার সেনাবাহিনী শত শত লোককে হত্যা করেছে। মানবাধিকার সংগঠনটি এই নৃশংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধের মতো ঘটনা বলে বর্ণনা করে।
তাইগ্রে/এসকেএম
















Leave a Reply