নিশ্চয়তা পেলে: সাখাওয়াত সৈকত

নিশ্চয়তা পেলে

সাখাওয়াত সৈকত

 

নিশ্চয়তা পেলে

তোমার ধূসর চোখে রংধনুর সাতটি রঙে

এঁকে দিব স্বপ্নের মানচিত্র, আর

উড়াব হৃদয় নিংড়ানো ভালবাসার পতাকা।

 

নিশ্চয়তা পেলে

তোমার উর্বর জমিনে বপন করব,

অনেক যত্ন করে ফলাবো প্রণয়ের ফসল,

আবেগে মেতে উঠব সকল লজ্জা উপেক্ষা করে।

 

নিশ্চয়তা পেলে

আমি হারাবো নিথর জলে,

সিক্ত করব মোর সীমাহীন আবেগগুলো,

ভাবনার সাগর পাড়ি দিব জলদস্যুদের অতিক্রম করে।

 

নিশ্চয়তা পেলে

আরো একবার ভেসে যাব নীলসাগরে,

প্রতিটি ঢেউয়ের সাথে সখ্যতা গড়ে তুলে,

ভালবাসার ডিঙি ভাসাবো তোমার হৃদয় জয় করে।

 

নিশ্চয়তা পেলে

শতজনমের প্রেমের বাঁধনে বরণ করে,

অসম্ভবের বাঁধকে তুচ্ছ করে ইতিহাস গড়ব,

মায়াঘেরা বিশাল সাম্রাজ্যের সম্রাজ্ঞী করে।