১৩ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পৃথিবীতে মানুষকে রক্ষা করার জন্য আমরা মনুষ্য সম্প্রদায় ও রাষ্ট্রসমূহ যেসব পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেছি, মানুষকে দীর্ঘমেয়াদে রক্ষা করার জন্য সেগুলো যথেষ্ট নয়। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
সোমবার রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘কপ২৬: প্রাপ্তি ও ভবিষ্যত করণীয়’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) এবং আইডিইবি অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করে।
এসময় উন্নত রাষ্ট্রগুলো বিশেষ করে যারা গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ বেশি ঘটাচ্ছে, তাদের আরও এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা কপ২৬ সম্মেলনকে সফল না বললেও ব্যর্থ বলতে পারি না। আমাদের অনেক প্রত্যাশা থাকে কপ মিটিংয়ের আগে কিন্তু সব প্রত্যাশা পূরণ হয় না। কপ২৬ এর ভালো দিক হচ্ছে, সেখানে কয়েকটা বিষয়ে ঐক্যমত স্থাপিত হয়েছে। যেমন পৃথিবীর ১৪১ টা দেশ বনায়ন বৃদ্ধি এবং কয়লা থেকে শক্তি উৎপাদন কমিয়ে ফেলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। কিন্তু রাষ্ট্রসমূহ যেসব পদক্ষেপ নিয়েছে তা পৃথিবীতে মানুষকে ঝুঁকিমুক্ত করার জন্য যথেষ্ট নয়।
এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো পৃথিবীর অনেক দেশকে পথ দেখিয়েছে উল্লেখ করেন ডক্টর হাছান মাহমুদ। বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের নিষ্পাপ শিকার, কারণ আমরা জলবায়ু পরিবর্তনের জন্য কোনভাবেই দায়ী নই। আমাদের জনপ্রতি গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ উন্নত দেশগুলোর তুলনায় নগণ্য। অথচ বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারপারসন। বাংলাদেশের ওপর কোনও বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা করেছেন ২০৪১ সাল নাগাদ আমাদের শক্তি উৎপাদনের ৪০ শতাংশ সবুজ প্রযুক্তিতে হবে। এটি অত্যন্ত উচ্চভিলাসী পরিকল্পনা। এটি কেউ আমাদের করতে বলেনি, প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে এ ঘোষণা দিয়েছেন। ২০৫০ সাল নাগাদ আমাদের স্বপ্ন আছে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ শূণ্যের কোটায় নিয়ে যাওয়া।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















