বুড়িগঙ্গায় নৌকাডুবি, দুই লাশ উদ্ধার

১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই জন।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌপুলিশের এসআই আব্দুস সোবহান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল পৌনে ‌১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে বেলা পৌনে ১টার দিকে নিখোঁজ এক নারীর লাশ ও বেলা সোয়া ‌১টার দিকে আট বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করে।

এদিকে মালবাহী নৌযানটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন পুলিশ। তাদের বাসা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।

নৌকাডুবি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ