মসজিদ কমিটির সভাপতি গ্রেফতার

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২০ (নিউজ ডেস্ক): নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে।

শুক্রবার রাতে ফতুল্লা থানার তল্লা এলাকার বাসা থেকে আব্দুল গফুরকে গ্রেফতার করা হয়।

সিআইডি কর্মকর্তা নাছিরউদ্দিন আহম্মেদ জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানা পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

ফতুল্লা থানা পুলিশের দায়ের করা মামলার চার্জশিট প্রায় চূড়ান্ত। সিআইড সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ৩৬ জনকে অভিযুক্ত করা হতে পারে। এই ৩৬ জনের মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ৮ জন, ডিপিডিসি’র ২ জন এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ২৬ জন রয়েছেন।

তবে চূড়ান্ত চার্জশিটে ৩৬ জনের চেয়ে ২/১ জন কম বেশি হতে পারে। চার্জশিট গঠন করতে যাদের নিয়ে কাজ হয়েছে তাদের মধ্যে রয়েছেন: তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান, সহকারি প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারি প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, কর্মি ইসমাইল প্রধান, সাহায্যকারী হানিফ মিয়া ও সিনিয়র উন্নয়নকারী আইউব আলী। এছাড়া ডিপিডিসি’র নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের মিটার রিডার আরিফুর রহমান ও বৈদ্যুতিক মিস্ত্রী মোবারক হোসেনের নাম রয়েছে।

ইতোমধ্যেই তিতাস ও ডিপিডিসি’র যে ১০ জনের নাম রয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তিতাসের ৮ জন আদালত থেকে জামিন নিয়েছেন। বৈদ্যুতিক মিস্ত্রী মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর পশ্চিম তল্লা মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জন মারা যান। পরদিন ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেন। তিনি মামলায় অজ্ঞাতদের বিবাদী করেন। মামলার তদন্তের দায়িত্ব পরে সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার/এএম/টিটি