হরতালে উস্কানি দেবেন না

২৭ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামজোট। হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। সেই সাথে এ হরতালে কোনও উস্কানি দেয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

রোববার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বামজোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সাইফুল হক বলেন, ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধে বামজোটের এই হরতাল। এই হরতালের পক্ষে মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া দেখা গেছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিষ্কারভাবে জানাতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চাই। আশা করছি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং সরকারি দল হরতাল কর্মসূচিতে কোনও প্রকার উস্কানি সৃষ্টি, বাধা প্রদান বা সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাবে না। এই ধরনের যে কোনও অনভিপ্রেত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি শাহ আলম ও সাধারাণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদীর বিধান দাস।

এদিকে, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে জানান, হরতাল ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যে হুমকি দিয়েছেন তা তোয়াক্কা না করেই হরতাল পালিত হবে।

হরতাল/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *