০২ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হোয়াইট হাউস ছাড়ার আগে গত জানুয়ারিতে করোনা টিকা নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
সোমবার ট্রাম্পের এক উপদেষ্টা মার্কিন গণমাধ্যম সিএনএনকে এই তথ্য জানান।
বিস্তারিত কোনো কিছু না জানিয়ে ট্রাম্পের ওই উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া জানুয়ারিতে হোয়াইট হাউসে টিকা নিয়েছিলেন।
গত রোববার ফ্লোরিডার অরল্যান্ডোতে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সমর্থকদের টিকা নেয়ার ব্যাপারে উৎসাহ দেন ট্রাম্প। এর পরই এ তথ্য বেরিয়ে আসে। প্রেসিডেন্ট থাকার সময় ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে গুরুত্ব দেননি। যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহতা ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনারই ফল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প একসময় মাস্ক ব্যবহারে অনীহা ছিলেন। এমনকি করোনাকে সাধারণ ফ্লু হিসেবে দেখতেন। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়কে তিরি রীতিমতো তাচ্ছিল্য করেছেন। লকডাউন দিতেও তিনি রাজি ছিলেন না।
ফ্লোরিডার ওই সম্মেলনে ট্রাম্প বলেন, ভ্যাকসিন নেয়ার মধ্যে কোনও সমস্যা নেই। প্রত্যেকেরই উচিত এই টিকা নেয়া।
গত বছরের মধ্য ডিসেম্বরে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, হোয়াইট হাউসের সবার জন্য করোনার টিকার সুপারিশ না করা পর্যন্ত নিজে তা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ওই সময় সেই কর্মকর্তা জানান, ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া করোনা থেকে সুস্থ হওয়ায় শরীরে থাকা অ্যান্টিবডির সুবিধা নিচ্ছেন। তবে এখন তার অনেকটা গোপনে টিকা নেয়ার কথা সামনে এলো।
ট্রাম্প চুপচাপ টিকা নিলেও তার পূর্ববর্তী এবং পরবর্তী প্রেসিডেন্টরা তা করেননি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস টেলিভিশনের সামনে গত ডিসেম্বরেই টিকা নেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনও ডিসেম্বরে ক্যামেরার সামনে টিকা গ্রহণ করেন। মানুষকে টিকা নেয়ায় উৎসাহিত করতে তারা নিজেরা প্রকাশ্যে টিকা নেন।
ডোনাল্ড ট্রাম্প/এসকেএম
















Leave a Reply