রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

০৩ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। খবর: বিবিসি।

খবরে বলা হয়, রাশিয়ার সাত জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ১৪টি কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যারা রাসায়নিক উৎপাদনের সাথে জড়িত।

তদন্তে বেরিয়ে এসেছে গত বছর সাইবেরিয়া থেকে মস্কোয় ফেরার পথে সোভিয়েত সময়কালীন বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

বিষপ্রয়োগে অসুস্থ নাভালনি কোমায় চলে গিয়েছিলেন। পরে জার্মানিতে দীর্ঘদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন।

পরে জার্মানি থেকে গত ১৭ জানুয়ারি মস্কো ফেরার পর বিমানবন্দরেই আটক করা হয় নাভালনিকে। পরে মস্কোর একটি আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

নাভালনির মুক্তির দাবিতে তার সমর্থকরা রাশিয়াজুড়ে বিক্ষোভ করছেন। রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা দীর্ঘ করতে নাভালনিকে সাজা দেয়া হয়েছে। তার নির্দেশেই নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছিল।

তবে নাভালনিকে বিষপ্রয়োগের অভিযোগ উড়িয়ে দিয়েছে রুশ সরকার। বরং তারা সত্যিই নাভালনিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *