যুক্তরাষ্ট্রে বাংলাদেশির কারাদণ্ড

২৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মানবপাচারের অভিযোগে মোহাম্মদ মিলন নামে এক বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার বিরুদ্ধে ম্যাক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারে সহযোগিতা ও ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।

মঙ্গলবার মার্কিন বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওই নাগরিকের কারাদণ্ডের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আদালতে উপস্থাপিত নথি থেকে দেখা যায়, ৪১ বছর বয়সী বাংলাদেশের মোহাম্মদ মিলন হোসেন মেক্সিকোর তাপাছুলাতে বসবাস করতেন। তিনি বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকোতে বসবাসরত মানব পাচারকারীদের সাথে যোগসাজসে বিপুল টাকা নিয়ে লোকজনকে মার্কিন সীমান্তের কাছে নিয়ে আসতেন। পাচারের শিকার হওয়া লোকজনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে রাখতেন মেক্সিকোর তাপাছুলার একটি হোটেলে।

এতে আরও বলা হয়, মিলন হোসেন যেসব লোক যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন, তাদের টিকিটসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দিয়ে মেক্সিকোর মন্টেরিতে তার সহযোগী মোক্তার হোসেনের কাছে পাঠাতেন। এরপর মোক্তার মন্টেরি থেকে ওই লোকজনকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সহায়তা করতেন।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *