স্থির হতে পারছেন না ট্রাম্প

২৫ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): নির্বাচনে হেরে অনেকটাই টালমাটাল হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। একবার পরাজয় মেনে নিচ্ছেন তো আবার পরক্ষণেই পরাজয় মেনে নেবেন না বলে ট্যুইট করছেন।

সবশেষ ট্যুইটে আবারও পরাজয় মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। যদিও এর কয়েক ঘন্টা আগে নিজেই ট্যুইট করে হার মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

সোমবার যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন নব-নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে প্রস্তুতি শুরু করার চিঠি দিয়েছেন। এ চিঠি দেয়ার কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প জিএসএ প্রধান এমিলি মারফিকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন। এতে বিষয়টি পরিষ্কার হয় ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের পথেই হাঁটছেন।

কিন্তু মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানেই আরেক ট্যুইটে ট্রাম্প ইঙ্গিত দেন তিনি কখনও পরাজয় মেনে নেবেন না।

এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিক ট্যুইটে নির্বাচনে হার মেনে নেয়ার ইঙ্গিত দিয়ে আবার পরক্ষণেই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন।

প্রসঙ্গত, ৩ নভেম্বর অনুষ্ঠিত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেক্টোরাল কলেজ ভোট। পপুলার ভোটেও ট্রাম্পের চেয়ে এগিয়ে জো বাইডেন। ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়্ত্বি নেবেন জো বাইডেন।

ট্রাম্প/এসকেএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *