০৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি শহরে একটি গ্র্যাজুয়েশন পার্টিতে বন্দুক হামলায় এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও গোলাগুলির ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে প্রাণঘাতী ওই সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন মিয়ামি পুলিশ। খবর: এনবিসি।
খবরে বলা হয়, একটি গ্র্যাজুয়েশন পার্টি চলাকালে সেখানে ওই গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীরা দুটি গাড়ির ভেতর থেকে গুলি চালায়। এ সময় একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাশের দেয়ালে ধাক্কা খায় এবং গাড়ির ভেতরে অস্ত্রসহ দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এক সপ্তাহর ব্যবধানে মিয়ামি শহরে দুটি বন্দুক হামলার ঘটনা ঘটল। গত সপ্তাহে ঠিক একই ধরনের ঘটনা ঘটে এবং তাতে দুজন নিহত ও ২১ জন আহত হন।
এ ছাড়া রোববার আমেরিকার লুইজিয়ানা শহরেও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে যাতে অন্তত সাতজন নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ওই নারীর মুখে গুলি লেগেছে।
যুক্তরাষ্ট্র/এসকেএম















