উপকূলে ভেসে এলো ২ হাজার মৃত পেঙ্গুইন

আন্তর্জাতিক ডেস্ক: উরুগুয়ের পূর্ব উপকূলে ১০ দিনে প্রায় ২ হাজার মৃত পেঙ্গুইন ভেসে এসেছে।

শনিবার (২২ জুলাই) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে পেঙ্গুইনগুলো এভিয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু কয়েকটি পেঙ্গুইনকে পরীক্ষা করে ভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। যার ফলে পাখিগুলোর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণিজগৎ বিভাগের প্রধান কারম্যান লিজাগোয়েন বলেছেন, মৃত অবস্থায় পাওয়া পেঙ্গুইনগুলো ম্যাগলানিক প্রজাতির। আর তাদের বেশির ভাগেরই বয়স কম। আটলান্টিক মহাসাগরে পাখিগুলোর মৃত্যু হয়েছে এবং এগুলো বাতাস ও ঢেউয়ের ধাক্কায় উরুগুয়ের উপকূলে এসেছে।

লিজাগোয়েন বলেন, পেঙ্গুইনগুলোর পানিতে মৃত্যু হয়েছে। ভেসে আসা পাখিগুলোর ৯০ শতাংশের বয়স কম। এদের দেহে চর্বি ছিল না এবং পেট খালি ছিল। এভিয়ান ভাইরাসের যেসব নমুনা নেয়া হয়েছে, তার সব কটিই নেগেটিভ এসেছে।

ম্যাগলানিক পেঙ্গুইন আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে বাস করে। দক্ষিণ গোলার্ধের শীতের সময় এরা খাবার ও গরম পানির খোঁজে উত্তর দিকে চলে যায়। কিছু কিছু পেঙ্গুইন ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশের উপকূল পর্যন্ত যায়।

কারম্যান লিজাগোয়েন বলেন, দেশান্তরের সময় কিছু পাখি মারা যায়, এটি স্বাভাবিক। তবে এত বেশি মারা যাওয়া অস্বাভাবিক। গত বছরও ব্রাজিলে একই ঘটনা ঘটেছিল।

লেগুনা ডি রোচা সংরক্ষিত এলাকার ডিরেক্টর হেক্টর কায়মারিস বলেন, আটলান্টিক উপকূলের ছয় মাইলের মধ্যে তিনি ৫০০-র বেশি মৃত পেঙ্গুইন পেয়েছেন।

পরিবেশবিদরা বলছেন, অতিরিক্ত ও অবৈধ মাছ শিকারের কারণে ম্যাগলানিক পেঙ্গুইনের মৃত্যুর হার বেড়েছে।

পেঙ্গুইন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *