সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

০৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে অভ্যুত্থানে আটক নেতাকর্মীদের মুক্তি দেয়ারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম ভাষণে বাইডেন এ আহ্বান জানান। খবর: রয়টার্স।  

তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর উচিত হবে দ্রুত ক্ষমতা ছেড়ে দেয়া। মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বাইডেন বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছাকে প্রত্যাখ্যান করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ফলকে মুছে ফেলার চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিয়ানমার সেনাবাহিনীর উচিত জোর করে কুক্ষিগত করা ক্ষমতা ছেড়ে দেয়া এবং সব রাজবন্দি, অ্যাক্টিভিস্ট ও কর্মকর্তাদের মুক্তি দেয়া।

মিয়ানমারের সেনাশাসকের প্রতি টেলিযোগাযোগের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে বৃহস্পতিবার দেশটিতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ করে দিয়েছেন সেনাশাসকরা।

অভ্যুত্থানের দুদিন পর সু চিকে অবৈধ আমদানির অভিযোগে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অভিযানের সময় তার ঘরে অবৈধ ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে বলে পুলিশের অভিযোগ।

এর আগে সরকারের মন্ত্রীদের বরখাস্ত করে নতুন সরকার ঘোষণা করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের অল্প সময়ের পর একজন সাবেক জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়।

সু চি সরকারের ২৪ মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন ১১ মন্ত্রী নিয়োগ করা হয়েছে।

৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন অং সান সু চির দল। তবে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমার সেনাবাহিনী। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এক অভ্যুত্থানে সোমবার সেনাবাহিনী কমান্ডার মিন অং হ্লাইং ক্ষমতা দখল করেন।

আটক করা হয় নির্বাচিত এনএলডি নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকশ আইনপ্রণেতা ও নেতাকে। নির্বাচনে কারচুপির অভিযোগে অভ্যুত্থান ঘটান সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

জো বাইডেন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *