আগুন লেগে ডুবে গেল ইরানের জাহাজ

০২ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): ওমান উপসাগরে ‘খার্গ’ নামে ইরানের বৃহৎ একটি জাহাজ আগুন লেগে সাগরেই ডুবে গেছে।

বুধবার ইরানের দক্ষিণের জাস্ক বন্দরের নিকট এই দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর: আলজাজিরা।

খবরে বলা হয়, আগুন লাগা জাহাজটি ‍রক্ষা করতে ২০ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়। তবুও জাহাজটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করা যায়নি।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জাহাজটি প্রশিক্ষণ জাহাজ হিসেবে ব্যবহৃত হতো। এতে প্রায় চার’শ ক্রু সদস্য এবং প্রশিক্ষণার্থী ছিল। আগুন লেগে জাহাজটি ডুবে গেলেও জাহাজে থাকা সবাইকে অক্ষত উদ্ধার করা হয়েছে। তবে ২০ জন ক্রু সদস্য হালকা আহত হয়েছেন।

জাহাজের শেষ রাতে নেয়া একটি ছবিতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিধান করা ক্রু সদস্যরা দৌঁড়াচ্ছেন, তাদের পেছনে আগুনের লেলিহান শিখা। অন্যদিকে, দিনের বেলায় নেয়া আরেকটি ছবিতে আকাশে আগুনের ফলে সৃষ্ট ব্যাপক ধোঁয়া দেখা যায়।

ইরান/এসকেএম