উত্তরায় গার্ডার দুর্ঘটনা ঠিকাদারের গাফিলতিতে

১৬ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে হতাহতের ঘটনায় প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) গাফিলতি পাওয়া গেছে।

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান।

সচিব বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী- ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি। গতকাল (সোমবার) কাজ করার কথা ছিল না, ঠিকাদারি প্রতিষ্ঠান কাউকে না জানিয়ে কাজ করছিল।

উল্লেখ্য, সোমবার বিকালে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেইন দিয়ে ট্রেইলারে তোলার সময় পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী। এ সময় আহত হন আরও দুজন।

এ ঘটনার পর সন্ধ্যায় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী ঘটনাস্থলে পরিদর্শন শেষে সরকারের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানান।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতারকে প্রধান করে গঠিত ওই কমিটি আজ প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে বলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের জানান সচিব আমিন উল্লাহ নূরী।

এ সময় সাংবাদিকরা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে সচিব আমিন উল্লাহ নূরী বলেন, আমরা সংশ্লিষ্ট সবাইকে শোকজ করব। চূড়ান্ত প্রতিবেদন আসলে সিদ্ধান্ত নেব।

গার্ডার দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *