২৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক) ঈদযাত্রায় যানজট সহনীয় রাখতে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সড়কে তিনটি ফ্লাইওভার সোমবার খুলে দেয়া হবে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এবারের ঈদযাত্রা সহনীয় পর্যায়ে থাকবে আশাবাদ ব্যক্ত করে এ সময় নজরুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন, পরিবহণ মালিকসহ সবাইকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করেছি আমরা। কী কী সমস্য আছে দেখছি। পরিবহণ মালিকদের কিছু সুপারিশ ছিল, সেগুলো বিবেচনায় নেয়া হয়েছে। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে।
এখনও কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে উল্লেখ করে আবারও সেখানে পরিদর্শনের কথা জানান তিনি। ট্রাফিক ম্যানেজম্যান্ট ঠিকভাবে হলে সেখানে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে।
সড়ক সচিব বলেন, জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা হাটিকুমরুল পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল। বাজার, শহর থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকত। নওজোর, সফিপুর ও গড়াই- এ তিনটি ফ্লাইওভার আমরা কালকের মধ্যে খুলে দিচ্ছি। এই তিনটি ফ্লাইওভার খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল, এই করিডোরেও যানজটের অভিজ্ঞতা আছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে বিআরটি করিডোরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন। রাস্তা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
ফ্লাইওভার/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply